একদিনে টানা দুই দফায় ৭৬৪০ টাকা স্বর্ণের দাম বাড়িয়ে শনিবার এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুরুতে সকালে এক বার্তায়, স্বর্ণের দাম ৪৩৭৪ টাকা বাড়ায় বাজুস। পরে রাতে আবারও স্বর্ণের দাম ৩২৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এতে করে দুই দফায় স্বর্ণের দাম ৭৬৪০ টাকা বেড়ে গেছে।

রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা  নির্ধারণ করা হয়েছে।

২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ২০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা।