ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত ১২টা থেকে ৯৬ ঘণ্টা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (আইবিএফটি) লেনদেন সম্পূর্ণ বন্ধ ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবা সীমাবদ্ধ করতে রোববার সব তফসিলি ব্যাংক ও এমএফএস প্রোভাইডারকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তফসিলি ব্যাংক ও এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাপরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১:৫৯ পর্যন্ত এসকল সেবা বন্ধ ও সীমাবদ্ধ থাকবে।

এমএফএসের ক্ষেত্রে নির্ধারিত এ সময়ে একজন গ্রাহক আরেকজনকে পিয়ার টু পিয়ার (পিটুপি) লেনদেনে দিনে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠাতে পারবেন এবং দৈনিক সর্বোচ্চ লেনদেন সংখ্যা হবে ১০টি। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল প্রদানের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না এবং প্রচলিত উপায়ে লেনদেন করা যাবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সময়ের মধ্যে সময়ে সকল প্রকার লেনদেন এমএফএস প্রোভাইডারদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশনা দেয়া হয়েছে।

এমএফএসের মাধ্যমে এই সীমার আওতায় লেনদেন করলেও আইবিএফটির মাধ্যমে এনপিএসবির পিটুপি ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ থাকবে।  প্রচলিত নিয়মে এই মাধ্যমে রিয়েল টাইম সুবিধায় একজন গ্রাহক একবারে ৫০০০০ টাকা এবং দৈনিক সর্বোচ্চ ৫ লাখ টাকা লেনদেন করতে পারলেও নির্বাচনের সময়ে তারা এ ধরণের কোনো সুবিধা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ রিয়েল টাইমের ইন্টারনেট ব্যাংকিং সেবা এ সময়ে সম্পূর্ণ বন্ধ থাকবে।

সাধারণ গ্রাহকদের জন্য এসব সেবা বন্ধ ও সীমাবদ্ধ করা হলেও এমএফএস প্রোভাইডার ও ব্যাংককে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখিত সময়সীমার পর এসব মাধ্যমে স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।