বাংলাদেশের পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ২ মাস পর প্রতিদিনকার লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা; মঙ্গলবার ৬৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা সাড়ে তিন মাসে সর্বোচ্চ।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন শুরু হয় সূচকের উত্থানের মধ্য দিয়ে। গত কয়েকদিনের উত্থানে বাড়তে থাকে শেয়ার-কেনাবেচা; দিন শেষে মোট শেয়ার ও ইউনিট লেনদেন ঠেকে ৬৬৯ কোটি টাকায়, যা ২০২৬ সালে প্রথমবারের মতো ৬০০ কোটির ঘরে লেনদেন।

এর আগে ২০২৫ সালে ২৫ নভেম্বর ৬৩৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এরপর টানা পতনে গত দুই মাসে লেনদেন বেশিরভাগ সময়েই সীমাবদ্ধ ছিল ৩০০ কোটি থেকে ৪০০ কোটি টাকার ঘরে। মঙ্গলবারের চেয়ে বেশি লেনদেন হয়েছে সবশেষ ২০২৫ সালের ৭ অক্টোবর। সে হিসাবে সাড়ে তিন মাস পর একদিনে ডিএসইতে এতবেশি লেনদেন হয়েছে।

ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৭ পয়েন্ট এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৫ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ২১০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১০৯ এবং অপরিবর্তিত আছে ৬৯ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ২১ কোম্পানির ৩২ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ওরিয়ন ইনফিউশন সর্বোচ্চ ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি এবং ৫ শতাংশ দর কমে তলানিতে এপেক্স ট্যানারি লিমিটেড।

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৩ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ১০২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন কমেছে সিএসইতে; ১০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১২ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে জনতা ইনস্যুরেন্স পিএলসি এবং ৮ শতাংশ দাম কমে তলানিতে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড।