সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা করা চার তরুণের ভূমধ্যসাগরে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্বজনরা দাবি করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর তাদের পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের—নূরুজ্জামান সরদার ময়না, সাজিদ ও শাহান। অপরজন রাজানগর ইউনিয়নের ররনারচর গ্রামের মুজিবুর রহমান।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খবর পাওয়ার পর পুলিশ পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তিনি বলেন, “পরিবারের সঙ্গে কথা বলে এবং তারা অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।”নিহত ময়নার মামা উমেদ আলী জানান, তিন ভাই ও চার বোনের মধ্যে ময়না ছিল সবার ছোট ও আদরের। তাকে ইতালি পাঠাতে প্রায় ১২ লাখ টাকায় দালালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। পরিবারের জমিজমা ও গবাদিপশু বিক্রি করে সেই টাকা জোগাড় করা হয়।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন টাকাও গেল, ছেলেও চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা দালাল চক্রের বিচার চাই।”একই গ্রামের ইউপি ...