তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন।
এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দেন। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পূর্বের পোস্ট :