প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সকল প্রাণীর প্রতি সদয় এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং এসব মানবিক মূল্যবোধ ধারণ করাই শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। একই সঙ্গে সকল প্রাণীর প্রতি সদয় হতে হবে এবং পরিবেশ ও প্রকৃতির যত্ন নিতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে শিশুরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। এ সময় তিনি শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকেও শিশুরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।
পরে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন। একই ভবনের নিচতলায় তিনি সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন।
এর আগে শিশুরা প্রধানমন্ত্রীর হাতে একটি স্মারক উপহার তুলে দেয়। এ ছাড়া তিনি বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
পূর্বের পোস্ট :