শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ শিশু তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নির্ধারিত আসনে বসেন।

এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আয়োজনে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার প্রদান এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার শিশুদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের একপর্যায়ে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি। পরে শিশু জাদুঘর ভবনে গিয়ে নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করার কথা রয়েছে।