নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থলে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসইভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তাদের নিজ দেশে প্রত্যাবাসনের উদ্যোগ বিভিন্ন সময়ে আলোচনায় এলেও এখন পর্যন্ত সংকটটির স্থায়ী সমাধান হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্যেই রোহিঙ্গা ইস্যুটি আবারও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের এই বৈঠকে সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
বৈঠকে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পূর্বের পোস্ট :