নতুন অর্থবছরের বাজেটে ব্যাংকিং ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার সন্ধ্যায় জাতীয় বাজেট ঘোষণার আগের দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

জাতীয় সংসদে বৈঠকের বিরতির সময় নিজের চেম্বারে বসে অর্থমন্ত্রী বলেন, “অস্থির হওয়ার কিছু নেই… ওয়েট করুন। এই মুহূর্তে সব বলা যাবে না। তবে এটা বলতে পারি, একটা ভালো বাজেট আমরা দেব।”

তিনি বলেন, “সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণের কথা এই বাজেটে থাকবে। ছাত্র-শ্রমিক-কামার-কুমার থেকে শুরু করে প্রান্তিক মানুষজন কেউই বাদ যাবে না।”

দেশের ‘বঞ্চিত’ জনগোষ্ঠীর প্রতি অতীতে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “ফ্যাসিস্ট শাসনামলে কী হয়েছে, সেটা জনগণ দেখেছে। আমরা এর পরিবর্তন চাই।”

তার ভাষায়, “তারেক রহমানের সরকার সমাজের প্রত্যেকটা শ্রেণি-পেশার মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করছে।”

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।

অর্থমন্ত্রী ইঙ্গিত দেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি থেকে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায়ও বাজেটে দিকনির্দেশনা থাকবে।

তিনি বলেন, আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা, রাজস্ব আদায় বাড়ানো এবং সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটে। এরপর অন্তর্বর্তী সরকারের দেড় বছরের সময় পার করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় উন্নয়ন কর্মসূচিগুলো এগিয়ে নেওয়ার কথাও বলেন অর্থমন্ত্রী।

লন্ডনে হিসাববিজ্ঞানে পড়াশোনা করা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি ১৯৯১ সাল থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২০০১-০৪ মেয়াদে বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা আমির খসরু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুইবারের সভাপতি এবং সাউথ এশিয়া ফেডারেশন অব স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাজেট সামনে রেখে টানা পাঁচ দিন ধরে প্রতিদিন প্রায় ১৮ থেকে ১৯ ঘণ্টা কর্মব্যস্ত সময় পার করছেন অর্থমন্ত্রী।