রাষ্ট্র সংস্কারের দাবির ধুয়া তুলে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, “আজ আমরা দেখছি—যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা এই দেশের স্বাধীনতা ও অস্তিত্বেই বিশ্বাস করে না। তাদেরকে কি বিশ্বাস করা যায়? যায় না। কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আমরা পা দেব না।”

সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করা জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে। তবে কিছু রাজনৈতিক দল সংসদে ও বাইরে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে কিছু বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নারীর উন্নয়ন, স্বাস্থ্য, প্রশাসন বা আইনশৃঙ্খলা—এসব বিষয়ে তারা কথা বলে না, শুধু সংবিধান নিয়ে কথা বলে।

তারেক রহমান অভিযোগ করেন, “নির্বাচনের সময় যেমন বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, এখনো একইভাবে ষড়যন্ত্র চলছে।” তিনি বলেন, ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি ৩১ দফা সংস্কার রূপরেখা দিয়েছে, যা অতীতে অন্য কোনো দল প্রকাশ করেনি।

তারেক রহমান অভিযোগ করেন, বিগত সময়ে দেশের স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

জনসভা শেষে তিনি বগুড়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। এর আগে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।