সিলেটের বাসিয়া নদী পুনঃখনন কার্যক্রম আগামী ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমনটাই আশা প্রকাশ করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকায় বাসিয়া নদী পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাসিয়া নদী একসময় সুরমা ও মেঘনা নদীর সংযোগস্থল ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় এখানে দুবার এসেছিলেন এবং এই নদী খননের উদ্যোগও তিনিই নিয়েছিলেন। জিয়ার স্মৃতিবিজড়িত এই নদীর পুনঃখনন কার্যক্রম নতুন করে শুরু হচ্ছে।

তিনি আরও জানান, নদীটির আশপাশে প্রায় ৫ হাজার হেক্টর জমি রয়েছে। পুনঃখননের মাধ্যমে কৃষি সেচের সুযোগ বাড়বে এবং বন্যা ও জলাবদ্ধতা থেকে স্থানীয় মানুষ উপকৃত হবে।

পানি সম্পদমন্ত্রী বলেন, দেশের স্বার্থে সরকার নদী, খাল, পুকুর ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে। দুই পদ্ধতিতে—স্কেভেটর ও শ্রমিকের মাধ্যমে—এই কাজ বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রম সফল করতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।