সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন। কর্মসূচি ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন।”

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

রুমন জানান, বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও তিনি অফিস করছেন। গত শনিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।