নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ৩৭৯ জন যাত্রী নিয়ে দাম্মামের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় বিমানের একটি ফ্লাইট।

তবে এ পরিস্থিতিতেও সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব গন্তব্যে বিমান চলাচল করবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা অথবা মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও বিকল্প যাত্রাপথ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।