প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার প্রথমবারের মতো ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর দপ্তরে অফিস করলেন ।
সকাল ৯টায় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে স্বাগত জানান বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন জানিয়েছেন।
দপ্তরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দিনের নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।
দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশীদ চৌধুরীর নতুন পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সচিব-২ মো. মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :