ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান–কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিনন্দনবার্তা জানান প্রধান উপদেষ্টা।

বার্তায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন দেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। জনগণের এই সুস্পষ্ট রায় সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

বার্তায় তিনি তারেক রহমানের পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা স্মরণ করেন। তাঁদের আদর্শ ও কর্ম নতুন নেতৃত্বের পথচলায় প্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে সমন্বিত মেধা ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্যও কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল অবস্থান জাতীয় স্বার্থে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

বার্তার শেষাংশে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সব উদ্যোগ সফল হোক—এটাই তাঁর প্রত্যাশা। মহান আল্লাহ্ তাঁকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন বলেও প্রার্থনা জানান প্রধান উপদেষ্টা।