প্রবাসী বাংলাদেশিদের দেওয়া ভোটের সোয়া চার লাখের বেশি পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট দেশে ফিরেছে।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন প্রবাসী ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী।

ইসি জানিয়েছে, ভোট দেওয়া ব্যালট দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে তবেই তা গণনায় অন্তর্ভুক্ত হবে।

এদিকে দেশে ও দেশের বাইরে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী ভোটার।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন—নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার।

এই ব্যবস্থার আওতায় শনিবার সকাল পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোট দিয়েছেন এবং ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোট দিয়ে ডাক অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

ইসি জানিয়েছে, দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানো পোস্টাল ব্যালটই কেবল গণনায় নেওয়া হবে।