জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি কাউকে করতেও দেব না।

শুক্রবার সকালে বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ পটুয়াখালী জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা।

ডা. শফিকুর রহমান বলেন, “দুর্নীতি আমরা করি না, দুর্নীতির জট আমরা কেটে দেব। দুর্নীতিবাদের কোনো ঠাঁই এখানে হবে না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি। যারা মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষের জীবন ধ্বংস করে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। বরং প্রমাণ পেলে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংক লুট করতে দেওয়া হবে না। শেয়ারবাজার লুণ্ঠন কিংবা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের সুযোগ থাকবে না। এখন পর্যন্ত যারা দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে ইনশাআল্লাহ।”

জনসভায় জামায়াত আমির জানান, যে এলাকা যত বেশি বঞ্চিত ও নির্যাতিত হয়েছে, উন্নয়নের ধারা সেখান থেকেই শুরু হবে। এখানে কোনো সুপারিশ চলবে না, কার বাড়ি কোথায় সেটাও বিবেচ্য হবে না। ন্যায় ও যোগ্যতার ভিত্তিতেই জনগণের প্রাপ্য নির্ধারণ করা হবে।