আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
শনিবার তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন। ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তারেক রহমান নির্বাচন করছেন।
বিকেলে রাজধানীর শাহজাদপুর এলাকার সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে সিঁথি প্রচারণা শুরু হয়।
এরপর তিনি গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের বিভিন্ন দোকানে গিয়ে একই ধরনের প্রচার চালান।
প্রচারণাকালে তিনি তারেক রহমানের হয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে ভোট চান। এ সময় তিনি বলেন,
“আজ আমি আমার ভাই তারেক রহমানের জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তাকে ভোট দেবেন।”
এই প্রচারণায় বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের স্ত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
পূর্বের পোস্ট :