রাস্তায় মাদুর পেতে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার বিকালে শাহবাগের রাস্তায় মাদুর পেতে থিম সং উদ্বোধনকালে আসিফ মাহমুদ বলেন, "কোনো ফাইভস্টার হোটেলে নয়; শাহবাগে আমাদের রাজনৈতিক জন্ম ও বেড়ে ওঠা। তাই এই শাহবাগের রাস্তায় বসেই থিম সং উদ্বোধন করলাম।"

সব শ্রেণী-পেশার সাধারণ মানুষ নিয়ে সাধারণ মানুষের জন্য করা এই থিম সং প্রসঙ্গে আসিফ বলেন, "আমরা ফাইভস্টারে সেলিব্রেটিদের নিয়ে নয়, যারা সাধারণ মানুষ তাদের নিয়ে থিম সং উদ্বোধন করলাম। আমাদের মধ্যে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে হরিজন সম্প্রদায়েরও মানুষ আছে। আমরা এমন জায়গা যেতে চাই না যেখানে এই মানুষগুলোকে প্রবেশই করতে দেয়া হবে না।"

থিম সং প্রসঙ্গে আসিফ জানান, এই থিম সং এর মাধ্যমে পার্টির এবং নির্বাচনের কনসেপ্ট  এবং একই সাথে শাপলা কলিকে পরিচিত করানো-এই সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। "এনসিপি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট পেতে। আপনাদের সবার ভালো লাগবে এই প্রত্যাশা রাখছি ।"

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।