পাবনা ও ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে।
নতুন সীমানা অনুযায়ী পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনগুলোতে পরিবর্তন এসেছে।
সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ নির্বাচন কমিশন এই পুনঃনির্ধারণ করেছে। গেজেটটি বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে।
নতুন সীমানা অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা ৬৮) আসনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে—সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।
পাবনা-২ (নির্বাচনি এলাকা ৬৯) আসনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে—সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার সব এলাকা, যা আগে পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত ছিল, সেটি বাদে বাকি ইউনিয়ন ও পৌরসভা।
ফরিদপুর জেলার ক্ষেত্রে, ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা ২১২) আসনের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা। আর ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা ২১৪) আসনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা ও সদরপুর উপজেলা।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে ভোটার ও নির্বাচনী এলাকার সঠিক মানচিত্র নির্ধারণ করা হয়েছে, যা আগামী নির্বাচনের জন্য প্রযোজ্য হবে।
পূর্বের পোস্ট :