নির্বাচনকালে কাউকে ভিভিআইপি সুবিধা দিয়ে অন্যদের সে সুবিধা থেকে বঞ্চিত করা হলে তা সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গণ্য করা যায় না বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, “যদি কেউ অনেক সুবিধা, এমনকি ভিভিআইপি সুবিধাও পায়, আর অন্যরা না পায়—তাহলে সেটাকে সমান প্রতিযোগিতার পরিবেশ বলা যায় না।”
বৈঠকে তিন সদস্যের একটি জামায়াত প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। আহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনে দলটির আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং দেশব্যাপী ব্যাপক সফর করবেন। এ কারণে তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে—নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন হলেও ইসি এ নিয়ে কথা বলবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি বলেন, “আপনারা দেখেছেন, একটি বড় দল বিভিন্ন ধরনের কার্ড ইস্যু করছে। মূলত সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই আমরা এসব দেখেছি। তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছে—লাখ লাখ বা কোটি টাকার কার্ড বিতরণের কথা বলছে, এমনকি কার্ডধারীদের হাজার কিংবা লাখ টাকা দেওয়ার আশ্বাস দিচ্ছে। এগুলো স্পষ্টভাবে নির্বাচন আইন ও আচরণবিধির লঙ্ঘন।”
তিনি জানান, এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে আহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওই বড় দলটি ৫০ কোটি কার্ড বিতরণের কথা বলছে এবং প্রত্যেক কার্ডধারীকে লাখ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে—যা অত্যন্ত গুরুতর অনিয়ম।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানায় জামায়াত। তিনি বলেন, “সিসিটিভি না থাকলে সন্ত্রাসী ও অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিরা নির্বাচন ভণ্ডুল করার সুযোগ পাবে। ক্যামেরা থাকলে সে সুযোগ অনেকটাই কমে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
এ ছাড়া বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। জামায়াত অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারের সুপারিশ করেছে বলেও জানান আহসানুল মাহবুব জুবায়ের।
পূর্বের পোস্ট :