বন্ধ হয়ে থাকা কলকারখানা পুনরায় চালু করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে দুই ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, মে দিবসে দেওয়া ঘোষণার পরিপ্রেক্ষিতে বন্ধ কলকারখানা চালুর বিষয়টি বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, “মে দিবসে নয়া পল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেছিলেন। আজকের বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে অগ্রগতি ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মে দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কর্মহীন শ্রমিকদের পুনর্বাসন করা যায়।

তিনি আরও বলেন, কেবল বন্ধ কারখানা চালু করলেই সব শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হবে না। দেশে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা সমাধান করে তাদের শিল্প স্থাপনে উৎসাহিত করা হচ্ছে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “শ্রমিক, কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়ন নিশ্চিত হলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।”