আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা ঐকমত্য কমিশনের সনদেরই অংশ এখন। এই ঘোষণা আমাদের রক্ষা করতে হবে। এটা কথার কথা নয়, এটা ফেব্রুয়ারিতেই হবে এবং উৎসবমুখর নির্বাচন হবে।’জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলেই আমাদের কাজ পরিণত হবে।’তিনি জানান, রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাতেই তিনি বৈঠকে যোগ দিয়েছেন। ‘বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করে রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন সন্তোষজনকভাবে এর সমাপ্তি এনেছে— এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই,’ বলেন অধ্যাপক ইউনূস।জুলাই সনদ রচনাকে ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ছাত্র–জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত ...