সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর ছেলে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ ও এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দেন।
এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর বিএনপি চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তারা।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করছে।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে একদল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটিকে ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
দিবসটি উপলক্ষে শনিবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
বেলা ১১টায় বিএনপি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ড্যাব, অ্যাব, ওলামা দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আট দিনের কর্মসূচি শুরু হয়েছে গত ২৫ মে। এর অংশ হিসেবে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিশেষ পোস্টার প্রকাশ করেছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পূর্বের পোস্ট :