সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে একটি বার্তা দিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন, যেখানে ১৯৭১ সালে তাঁর বেতার ভাষণের কথাও স্মরণ করা হয়েছে।
শনিবার হাই কমিশনের ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তাটি ইংরেজির পাশাপাশি বাংলাতেও দেওয়া হয়।
বার্তায় বলা হয়, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে দেওয়া সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির পথে এগিয়ে নিয়েছিল।”
হাই কমিশন আরও উল্লেখ করে, “আজও অতীতের মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে—একটি অভিন্ন আত্মত্যাগের গৌরবগাথা এবং দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায়।”
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এরপর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জিয়াউর রহমান।
পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিপ্লব’-এর পর তিনি উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং পরে ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৮ সালের ২১ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে একদল সৈন্যের গুলিতে নিহত হন জিয়া। বিএনপি দিনটিকে তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
পূর্বের পোস্ট :