জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে দলগুলোকে নিজ উদ্যোগে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার যে আহ্বান জানানো হয়েছিল, সেটিরও কোনো অগ্রগতি হয়নি।এ বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামীর উদ্যোগ সফল হয়নি। ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ নয় দলের নেওয়া উদ্যোগও অগ্রসর হয়নি। সমঝোতার জন্য সরকারের দেওয়া সাত দিনের সময়সীমা আগামীকাল (সোমবার) শেষ হচ্ছে। ফলে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে।রাজনৈতিক সূত্রগুলোর মতে, কার্যত বিএনপির অনাগ্রহেই দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি। বিএনপি এখন কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে রাজি নয়। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় অংশ নেবে—গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৩ নভেম্বর উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারের জন্য ঐক্যবদ্ধ ...