যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মার্কিন সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হবে।
বিশেষ করে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এসব খাতে উন্নয়নমূলক ও বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করতে পারবে সংস্থাটি।
ডিএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থায়নের সীমাবদ্ধতা ও বিনিয়োগের ঝুঁকি কমিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনিয়োগে উৎসাহিত করতেও সহায়তা করবে সংস্থাটি।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়াতেও এটি ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পে বিনিয়োগ সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন।