ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন নয়, বরং সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেছেন, রাষ্ট্র ও সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার সমান হওয়া উচিত। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া ১৪৩৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ধর্ম, বর্ণ, আদর্শ ও বিশ্বাসের ভিন্নতা থাকলেও সবার জাতীয় পরিচয় হবে বাংলাদেশি। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ঐক্যের মধ্য দিয়ে একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মহালয়া নতুন আশার বার্তা নিয়ে আসে। অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির বিজয়ের মধ্য দিয়ে অন্ধকারকে পেছনে ফেলে আলোর পথে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয় এই উৎসব।
অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করে মাহদী আমিন বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো শারদীয় দুর্গোৎসব। সমাজের বৈচিত্র্যকে বিভেদের কারণ না ভেবে শক্তিতে পরিণত করতে হবে। বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা, বৈষম্যের পরিবর্তে ন্যায়বিচার এবং বিভাজনের পরিবর্তে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারি আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্গাপূজার সরকারি ছুটিও বাড়ানো হয়েছে।
মাহদী আমিন বলেন, উৎসবের আনন্দ যেন সনাতন সম্প্রদায়ের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, সেটিই প্রত্যাশা। প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে ও সম্মানের সঙ্গে জীবনযাপন করবেন এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখবেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
দেশের মানুষের ঐক্য ও সম্মিলিত আকাঙ্ক্ষাকে বাংলাদেশের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার এবং গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহা ও সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূর্বের পোস্ট :