জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন প্রকল্প, সংশোধিত প্রকল্প এবং মেয়াদ বাড়ানোর প্রকল্প।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং কার্বন নিঃসরণ কমানো এই প্রকল্পের মূল লক্ষ্য।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে সংস্থাটির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা দেওয়া হবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ এবং এক বছর গ্রেস পিরিয়ডসহ ১৬ বছরে তা পরিশোধ করতে হবে।

সৌরবিদ্যুৎ কেন্দ্রটি রামপালের ব্লক-বি এলাকায় বিপিডিবির আগে অধিগ্রহণ করা ৯১৮ দশমিক ৫০ একর জমিতে নির্মাণ করা হবে। নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন না থাকায় প্রকল্পের ব্যয়ও তুলনামূলক কম হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। উৎপাদিত বিদ্যুৎ বিদ্যমান সঞ্চালন অবকাঠামো ব্যবহার করে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

এ ছাড়া একনেকের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক ও নর্দমা উন্নয়ন, রংপুর ও গাজীপুরের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নারীদের দক্ষতা ও উদ্যোক্তা তৈরির প্রকল্প অনুমোদন পেয়েছে।

বৈঠকে বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, বিআইডব্লিউটিসির জন্য বিভিন্ন ধরনের জলযান সংগ্রহ ও নতুন স্লিপওয়ে নির্মাণসহ আরও কয়েকটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।