ফেনীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত সরকারের অনুসারী এবং একটি কথিত ‘গুপ্ত বাহিনী’ আবারও একসঙ্গে কাজ করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, এমন তৎপরতা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পথে বাধা তৈরি করতে পারে।

বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা ‘গুপ্ত রাজনীতি’ করে এবং ক্ষমতাচ্যুত স্বৈরাচারী ব্যবস্থার রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। তার ভাষ্য, এসব রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য জনগণের জীবনমান পরিবর্তনের পরিবর্তে ক্ষমতা দখল করা।

তিনি বলেন, সরকারের নেওয়া কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সজাগ থাকতে হবে। নৈরাজ্য বা অস্থিতিশীলতা তৈরি হলে সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগও বাধাগ্রস্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সহায়তা এবং দরিদ্র মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে এসব কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় কথিত ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের মধ্যে যোগাযোগের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, অতীতেও বিভিন্ন সময়ে তাদের মধ্যে সমন্বয় দেখা গেছে। তিনি দাবি করেন, অতীতের কয়েকটি নির্বাচনেও এই দুই পক্ষ একসঙ্গে কাজ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময় বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন নিপীড়ন, কারাবাস ও মামলার মুখোমুখি হয়েছেন। পরে সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তন ঘটে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।