মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের মধ্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদকে পদত্যাগ করতে বলেছে দলের হাইকমান্ড।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে।

তিনি বলেন, “দলের হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেছে।”

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেরদৌসীকে পদত্যাগ করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। এ সময় ২০০-এর বেশি মানুষ প্রতিষ্ঠানটিতে লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির ভবনগুলোও ভেঙে ফেলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ঘটনার সঙ্গে ফেরদৌসীর নামও আলোচনায় এসেছে তার অতীতের সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড-এর সঙ্গে সম্পৃক্ততার কারণে।

ফেরদৌসী নিজেই জানিয়েছেন, ২০০২ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন তিনি।

কমিশনার থাকাকালে ২০০৬ সালে তার স্বাক্ষরে সমমনা দোকানদার সমবায় সমিতির সভাপতি হিসেবে রাড্ডা সেন্টার যে জমিতে অবস্থিত, সেই জমি বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সাল থেকে মিরপুরের নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান, প্রজনন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা।

ঘটনার সঙ্গে ফেরদৌসীর ঘনিষ্ঠ হিসেবে স্থানীয়ভাবে পরিচিত কয়েকজনের নামও তদন্তে উঠে এসেছে।

এদিকে, বুধবার রাতে বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।

এ ঘটনায় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন ফেরদৌসী। ২০২৪ সালে দল অনুমোদিত ৫১ সদস্যের ওই কমিটিতে আহ্বায়কের পর তৃতীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে তার নাম ছিল।

চলতি বছর প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ফেরদৌসী। বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে তিনি ১৩তম জাতীয় সংসদের সদস্য হন। তার রাজনৈতিক কর্মকাণ্ড মূলত মিরপুরকেন্দ্রিক।