বাস মালিকরা উদ্যোগী হলে আগামী তিন মাসের মধ্যে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবহনমন্ত্রী শেখ রাবিউল আলম।
তিনি আজ তেজগাঁওয়ের সড়ক ভবন মিলনায়তনে বাস মালিকদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাস মালিকরা চাইলে এবং আজ থেকেই উদ্যোগ নিলে ঢাকার অন্তত ৫০ শতাংশ বাসকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব। তিন মাসের মধ্যে পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ঢাকার বিভিন্ন রুটের বাসের জন্য নির্দিষ্ট রং নির্ধারণের প্রস্তাব দিয়ে রাবিউল আলম বলেন, প্রতিটি রুটের বাসের একটি নির্দিষ্ট রং থাকা উচিত। পুরোনো বাস একসঙ্গে পরিবর্তন না করে ডেন্টিং-পেইন্টিংয়ের মাধ্যমে সেগুলোর চেহারা ও মান উন্নত করার জন্যও তিনি মালিকদের প্রতি আহ্বান জানান।
বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে নির্ধারিত স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস না থামানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে টিকিটিং ব্যবস্থা চালু এবং নির্দিষ্ট সময়ে বাস ছাড়ার ব্যবস্থা করার কথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিষয়টি জানবে। কেউ হাত তুললেই যেখানে-সেখানে বাস থামানো যাবে না এবং যাত্রী ওঠানামার জন্যও নির্ধারিত স্থান অনুসরণ করতে হবে।
চালক ও সহকারীদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব বাস মালিকদের নিতে হবে বলেও জানান পরিবহনমন্ত্রী। যারা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাদের পরিবহন ব্যবসায় থাকা উচিত কি না, সে বিষয়েও পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
রাবিউল আলম বলেন, সরকার জোর করে নয়, বরং বাস মালিকদের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এসব পরিবর্তন আনতে চায়। তবে আলোচনা ও পরামর্শের পরও পরিস্থিতির উন্নতি না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাসসেবা উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে, তবে বাস মালিকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাসস্টপগুলোকে আরও নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সরকার কাজ করবে। পাশাপাশি ধীরে ধীরে বাসের জন্য পৃথক লেন চালুর উদ্যোগও নেওয়া হবে।
পূর্বের পোস্ট :