নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার বিভিন্ন পরিকল্পনাও আলোচনায় আসে। বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

বৈঠকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে একটি ডিজিটাল জনস্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক বৈঠকের বিষয়গুলো নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও আধুনিক করার বিভিন্ন দিক বৈঠকে উঠে আসে।