প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সব প্রাণীর প্রতি ভালোবাসা, মমত্ববোধ ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা, প্রাণিকুল ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা মানুষের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ প্রদর্শন করতে হবে। একই সঙ্গে বেশি করে গাছ লাগানো, চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতে একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়ক হবে।
পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
তিনি গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চার পাশাপাশি ক্বিরাত চর্চারও পরামর্শ দেন।
শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।
এদিন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক, তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।
সফরকালে তারা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন এবং পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে এবং এ অভিজ্ঞতা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
পূর্বের পোস্ট :