একদিনের সফরে কক্সবাজার গিয়ে দিনের বিভিন্ন কর্মসূচি শেষে চকরিয়ায় জনসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাতে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে পৌঁছান তিনি। স্থানীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন সরকারপ্রধান।

তার বক্তব্য শুনতে বিকাল থেকেই সভাস্থলে জড়ো হন হাজারো মানুষ।

এর আগে সকালে আকাশপথে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। সফরের শুরুতে তিনি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন।

পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর পেকুয়া উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি। একইসঙ্গে নবগঠিত পেকুয়া পৌরসভা ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

চকরিয়ার জনসভা শেষে কক্সবাজারের লং বিচ হোটেলে একটি সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।

দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।