ঈদুল ফিতর উপলক্ষে শনিবার জাতীয় নাগরিক পার্টির নেতারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে ঢাকার চার পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত করেছেন।

ঈদের দিনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও শহীদদের কবরস্থানে দোয়া মোনাজাত করেন এনসিপির নেতারা। তাদের এই কর্মসূচির নাম দিয়েছেন ‘শহীদি মুলাকাত’।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দল উত্তরার আরাফাত হোসেন শাহাদাৎ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, রিদোয়ান শরীফ রিয়াদ (জয়), জাবির ইব্রাহিম কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের নামাজ আদায় করে প্রথমে আরাফাতের বাসায় পৌঁছান এনসিপি নেতারা। সেখানে আরাফাতের বাবা, মাসহ অন্যান্য সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আরাফাতের ভাই হাসান আলী তখন তার ভাইর হত্যার বিচারের দাবি করেন এবং শহীদ পরিবারের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন।

প্রতিনিধি দল সকাল ১১ টায় কামারপাড়া এলাকায় মুগ্ধ ও জয়ের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাত শেষে শহীদ জয়ের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এনসিপির মুখ্যা সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে আরেক প্রতিনিধি দল সন্ধ্যা সাতটায় ফারহান ফাইয়াজের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।