বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বুধবার পাঠানো ওই চিঠিতে বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে নতুন প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তিনি।
চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আপনার ঐতিহাসিক জয়ে আপনাকে আমেরিকান জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সাফল্য কামনা করছি।
‘আমাদের দুই দেশের অংশীদারত্ব প্রতিষ্ঠিত পারস্পরিক শ্রদ্ধা এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থের ভিত্তিতে, যাতে এ অঞ্চলের শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি অর্জন করতে পারে।’
সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করা বাণিজ্য চুক্তির বাস্তবায়নের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আপনার দায়িত্ব শুরুর এই সময়ে আমি আশা করি, উভয় দেশের কৃষক ও শ্রমিকের জন্য উপকারী বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কে যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, তা বজায় রাখতে আপনি আমাদের সাহায্য করবেন।’
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার বিষয়েও ‘দৃঢ় পদক্ষেপ’ নেবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প।
তিনি লিখেছেন, ‘এর মাধ্যমে আপনাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি উচ্চমানের সরঞ্জাম পাবে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো।’
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক ‘অতীতের যে কোনো সময়ের তুলনায়’ আরও মজবুত করার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।
পূর্বের পোস্ট :