সব কিছু ঠিক থাকলে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা তারেক রহমান কত বেতন ও কী সুবিধা পাবেন—এ নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠেছে।
প্রধানমন্ত্রীর বেতন ও সুবিধাদি দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট–এর মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আইন অনুযায়ী একজন প্রধানমন্ত্রী মাসে ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। এর সঙ্গে বাড়ি ভাড়া হিসেবে পাবেন ১ লাখ টাকা।
প্রধানমন্ত্রী হিসেবে বিনোদন ও সরকারি অফিস–বাসা যাতায়াতের সব খরচ রাষ্ট্র বহন করবে। এছাড়া তার এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও ভাতা হিসেবে দেওয়া হবে।
গৃহস্থালি পণ্য পরিবহনের জন্য বিমান, ব্যক্তিগত গাড়ি ছাড়াও ট্রেন, স্টিমার বা জাহাজ ব্যবহারের খরচও সরকার বহন করবে, তবে সর্বোচ্চ সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত।
প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবন পাবেন। বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করবে সরকার। নিজ বাসায় থাকলেও বাড়ি ভাড়ার ভাতা এক লাখ টাকা পাবেন, সঙ্গে সজ্জা ও রক্ষণাবেক্ষণের খরচও সরকার বহন করবে। বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটির খরচও রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়া হবে।
নিরাপত্তাকর্মীর নিয়োগ ও খরচ রাষ্ট্র বহন করবে। দেশের ভেতরে যাতায়াত এবং বিদেশি সফরের খরচও সরকার বহন করবে। বিদেশ সফরের ক্ষেত্রে দৈনিক ভাতা ৩ হাজার টাকা, সুবিধাজনক পরিবহন, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকা বীমা কভারেজ এবং স্বেচ্ছাধীন তহবিল ১.৫ কোটি টাকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নিজ চিকিৎসকের পরামর্শে দেশের এবং দেশের বাইরে যেকোনো মেডিকেলে চিকিৎসা সুবিধা পাবেন, সঙ্গে তার পরিবারও এই সুবিধা ভোগ করবে।
পূর্বের পোস্ট :