প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জামায়াত–এনসিপি নেতৃত্বাধীন জোটকে পরাজিত করে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে বিএনপি।

নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র রোববার জানিয়েছে, “অধ্যাপক ইউনূসের কাছ থেকে পাঠানো আমন্ত্রণপত্র আমরা পেয়েছি। ভারতের সরকারের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবেন, সে বিষয়ে আলোচনা চলছে।”

এদিকে ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ অনুষ্ঠিত হবে। একই সময়ে প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান ভারতে সফর করবেন বলে আরেকটি সূত্র জানায়। ফলে প্রধানমন্ত্রী মোদির ঢাকায় আসার সম্ভাবনা কম; তবে তাঁর প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সামিটটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈশ্বিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং গ্লোবাল সাউথে আয়োজিত প্রথম বৈশ্বিক এআই সম্মেলন এটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয়ের পরপরই বিএনপি প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানান। টেলিফোনে কথা বলে তিনি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের উদ্যোগে সমর্থন জানান।

মোদি বলেন, “বাংলাদেশের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য আমি তারেক রহমানকে অভিনন্দন জানাই। এই বিজয় তাঁর নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক গভীর। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অঙ্গীকার অব্যাহত থাকবে।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বার্তায়ও মোদি একই শুভেচ্ছা জানান এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সূত্র জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আগামী মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।