এই সপ্তাহে বুধবারের মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে; সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন বলে শনিবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। 

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রশীদ জানান, বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই মন্ত্রীসভার শপথ পড়াবেন। শপথ ১৭ এপ্রিল কিংবা ১৮ এপ্রিল পড়ানো হবে।

নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন তিনি। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিসভার সদস্য কতজন হবেন- জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, 'সেটা নির্ভর করে যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন তার ওপর। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান সেটির ওপর মন্ত্রী সংখ্যা নির্ভর করবে।