আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাপান সরকার একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 

এই মিশনটি ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

জাপানের এই নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতো। 

মিশনটিতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকাস্থ জাপান দূতাবাসের প্রতিনিধি এবং একজন বাহ্যিক বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকবেন।

মিশনটি ভোটগ্রহণ ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশন, বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষক দল এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে মতবিনিময় ও তথ্য আদান-প্রদান করবে।

জাপান সরকার জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানানোর যে ঘোষণা দিয়েছে, তার প্রেক্ষিতেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে সহযোগিতার অংশ হিসেবে এই নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানো হচ্ছে।