জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বুধবার বলেছেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের মতো কোনো ভালো প্রতিদ্বন্দ্বী বিএনপি দিতে পারেনি।

"আমরা যাদের বিরুদ্ধে নির্বাচনে লড়ছি হয় তারা ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্ব আছে, আর না হলে তারা ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ। আমাদের বিরোধী জোট ভালো কোনো প্রতিপক্ষকে নমিনেশন দিতে পারেনি," মালিবাগে নির্বাচনী প্রচারণা চালানোকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নাহিদ।

নির্বাচন ঘিরে নানা মাত্রার ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নাহিদ জানান, দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে। বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে বড় ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন তারা।

১১ দলীয় জোট সরকার গঠন করবে এ ব্যাপারে নাহিদ আত্মবিশ্বাসী উল্লেখ করে বলেন, "আপনারাই দেখেন, জনগণ অভূতপূর্ব সাড়া দিচ্ছে। সংসদে গিয়ে সরকার গঠন করতে যতগুলো আসন দরকার আমি আশাবাদী সেকয়টি আসন এই জোট পাবে।"

নিজ আসনেও ভালো অবস্থানে আছেন উল্লেখ করে নাহিদ বলেন, "ঢাকা-১১ আসনে জনগণ আমাদের সাড়া দিচ্ছেন। ১২ তারিখ তারা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিপক্ষে রায় দিবেন। এই আসনে নির্বাচনে শাপলা কলি জয়ী হবে।"

গণমাধ্যমের ওপর একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে অভিযোগ করে নাহিদ বলেন, "মিডিয়া একটি নির্দিষ্ট দলের কভারেজ দিচ্ছে। ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র দখল হলে সেটি যেন মিডিয়ায় না আসে সে ধরণের ব্যবস্থা করারও অপচেষ্টা চলছে।"