ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে ‘পোস্টাল বিডি’ মোবাইল অ্যাপের কোনো ধরনের সংযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের স্পষ্ট বক্তব্য, ঘোষণা ফরমে স্বাক্ষর ও ব্যালট পেপারে ভোট প্রদান সম্পূর্ণভাবে ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হয়। ‘পোস্টাল বিডি’ অ্যাপটি কেবল ভোটারদের কার্যক্রম ট্র্যাক করার কাজে ব্যবহৃত হয়।

আজ সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী ভোটার নিবন্ধনসংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান। তিনি বলেন, মোবাইল অ্যাপটির সঙ্গে ঘোষণা ফরম বা ব্যালট পেপারে ভোট দেওয়ার কোনো সম্পর্ক নেই। ব্যালট পেপার যখন রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায়, তখন হলুদ খামের সঙ্গে অ্যাপের কোনো সংযোগ আর থাকে না।

তিনি আরও জানান, ভোট গণনার সময় সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে প্রথমে সংশ্লিষ্ট আসনের হলুদ খামগুলো খোলা হয়। এরপর ঘোষণা ফরম ও ব্যালট পেপার আলাদা করে রাখা হয় এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যালট গণনা শুরু হয়। এই ব্যবস্থায় কোনো ভোটারের পরিচয়ের সঙ্গে প্রদত্ত ভোট মিলিয়ে দেখার সুযোগ নেই।

এদিকে, দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ (আইসিপিভি) ব্যবহার করে ভোটগ্রহণ প্রক্রিয়ার সর্বশেষ তথ্যও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্যমতে, আজ দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগ মোট ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট ভোটারদের কাছে পাঠিয়েছে।

এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার তাদের ব্যালট পেয়েছেন। এখন পর্যন্ত ৯৬ হাজার ৬৩২ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটারদের কাছ থেকে ৭০ হাজার ৮১০টি ব্যালট পোস্ট অফিস বা পোস্টাল ড্রপ বক্সে জমা পড়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৩ হাজার ৬৫৫টি ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।