সিলেটে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাবেন এবং রোববার থেকে সেখানে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় ধাপ শুরু করবেন।

শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় আকাশপথে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান এবং সেখানে রাত যাপন করবেন।

মাহদি আমিন জানান, রোববার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এতে প্রায় ৩০০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নেবেন। অনুষ্ঠানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও পরিবেশসহ বিভিন্ন খাতে বিএনপির নীতিগত প্রস্তাব তুলে ধরবেন তিনি।

পরে বিকেলে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের কর্মসূচি শেষে তারেক রহমান ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোনাগাজীর দিগবাজি মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে ধারাবাহিকভাবে নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

এর আগে গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণার প্রথম ধাপ শুরু করেন তারেক রহমান। একই দিনে তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট সাতটি জনসভায় বক্তব্য দেন।