দীর্ঘদিন পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে; মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে শনিবার সেই প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
“দীর্ঘ ১৬ বছর পর দেশে নির্বাচন হচ্ছে, যেখানে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সবার এই গণতান্ত্রিক সুযোগকে কাজে লাগানো উচিত,” সকালে নতুনবাজার-ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। “এমন এমন আশ্বাস দেয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু জনগণ এখন সচেতন। তারা প্রশ্ন করতে জানে।”
এসময় তিনি বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেয়ার নির্দেশ দেন তিনি।
পূর্বের পোস্ট :