ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেসব প্রার্থী ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত তারা সংসদে গিয়ে ঋণ শোধ করবে না বরং বাংলাদেশে লুটপাট চালাবে উল্লেখ করে বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো লুটেরাকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দেয়া হবে না।
দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে নাহিদ বলেন, "বাংলাদেশের মানুষ আর লুটপাট দেখতে চায় না, আমরা লুটেরাদের ক্ষমতায় আসতে দিবো না, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতায় আসতে দিবে না।"
ঢাকার নিম্নবিত্ত ও দরিদ্র মানুষদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, একটি দল বস্তিবাসীদের ফ্ল্যাট দিতে চায়। বস্তিবাসী ফ্ল্যাট চায় না। তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও সম্ভব। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন, তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন। বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে।"
বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নাহিদ বলেন, "যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলছে বিএনপি, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কী? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?"
বিএনপি ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে অভিযোগ করে নাহিদ জানান, একদিকে তারা ফ্যামিলি কার্ডের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে ঋণখেলাপিদের সংসদে আনার চেষ্টা করছেন, তারা সংসদে এসে লুটপাট চালাবে।
নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, "কোনো বিশেষ দলকে সুবিধা দেয়ার সুযোগ নেই। কমিশনকে স্বচ্ছভাবে কাজ করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তাদের মনে রাখতে হবে আমরা এখনো মাঠে আছি। কোনো অন্যায় সহ্য করা হবে না।"
এবারের নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নয় উল্লেখ করে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার আহ্বান জানান তিনি। "আমরা সবাই গণভোটে হ্যাঁ দেবো। বৈষম্য, চাঁদাবাজি, অন্যায়, জুলুম ও আধিপত্যবাদকে না বলবো। এ জন্য আমাদের গণভোটে হ্যাঁ দিতে হবে। ফ্যাসিবাদ-চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।"
জামায়াতের নেতৃত্বে দশ দলীয় জোটের পক্ষে নাহিদ ঢাকাবাসীর পক্ষে ভোট চেয়ে বলেন, "আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন, শাপলা কলিতে ভোট দিবেন। ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করবেন।"
পূর্বের পোস্ট :