সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি সেখানে পৌঁছায় বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন।
এর ফলে রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বৃহস্পতিবার থেকে পুরোদমে উৎপাদন শুরু করতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ২১ এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ‘এমটি নিনেমিয়া’। মঙ্গলবার রাতে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।
বিএসসির এমডি মাহমুদুল মালেক জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার থেকেই ট্যাংকারটি থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস শুরু হবে। এ কাজে ছয়টি লাইটারেজ জাহাজ প্রস্তুত রয়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে দীর্ঘদিন ধরে অপরিশোধিত তেলের চালান বন্ধ ছিল। সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে ক্রুড অয়েল আসে। এরপর সরবরাহ সংকটে গত ১৪ এপ্রিল থেকে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
নতুন চালান পৌঁছায়ায় ইআরএল বৃহস্পতিবার থেকে পূর্ণমাত্রায় উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতি অনুকূলে থাকলে বিকাল বা সন্ধ্যার মধ্যে পাঁচটি ইউনিটে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করা যাবে।’
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা অপরিশোধিত তেল ইআরএলে শোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল, কেরোসিন, জেট ফুয়েল, ন্যাপথা, বিটুমিন ও এলপিজিসহ ১৩ ধরনের জ্বালানি উৎপাদন করা হয়। বছরে প্রায় ১৫ লাখ টন তেল শোধনের সক্ষমতা রয়েছে এই রিফাইনারির।
এদিকে, আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েলের আরেকটি চালান ১০-১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পূর্বের পোস্ট :