ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব ইরান দেওয়ার পর সেটি প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের এমন মন্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আবারও উস্কে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।
গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। পরে পাকিস্তানের অনুরোধে সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প।
যুদ্ধবিরতি চলাকালে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব তেহরানের কাছে পাঠায় ওয়াশিংটন। রোববার সেই প্রস্তাবের জবাব দেয় ইরান।
ইরানের জবাবে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্বের স্বীকৃতি, নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে আর হামলা না হওয়ার নিশ্চয়তা এবং ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়।
ইরানের এ জবাবকে তাৎক্ষণিকভাবে “আবর্জনা” বলে প্রত্যাখ্যান করেন ট্রাম্প।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুদ্ধবিরতির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “তারা আমাদের কাছে যে আবর্জনা পাঠিয়েছে, সেটি পড়ার পর আমি বলব, যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। আমি তাদের পুরো জবাবটিও পড়িনি।”
তিনি আরও বলেন, “আমি বলব, যুদ্ধবিরতি এখন বিশাল লাইফ সাপোর্টে। যেখানে চিকিৎসক এসে বলবে, ‘স্যার, আপনার প্রিয়জনের বাঁচার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।’”
তবে যুদ্ধবিরতি নিয়ে হতাশার কথা বললেও ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন এখনও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা ছাড়েনি।
পূর্বের পোস্ট :