যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজ আলোর খুঁটি ও ট্রাক্টর-ট্রেইলারে ধাক্কা দিয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এতে উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রুদের কেউ আহত হননি।
নিউ জার্সি অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ইতালির ভেনিস থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটি নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চূড়ান্ত পর্যায়ে ছিল। এ সময় উড়োজাহাজটির নিচের অংশ ও চাকা সড়কের পাশে থাকা একটি আলোর খুঁটি ও ট্রাক্টর-ট্রেইলারে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, উড়োজাহাজটিতে ২২১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। ঘটনায় বিমানের কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে উড়োজাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বিমানসংস্থার এক মুখপাত্র বলেন, উড়োজাহাজটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ক্রুদের সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
নিউ ইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল পরীক্ষা করে দ্রুত রানওয়ের কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।
এদিকে, ট্রাক্টর-ট্রেইলারের চালক সামান্য আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার সময় বিমানের ধাক্কায় আলোর খুঁটিটি ভেঙে পাশ দিয়ে যাওয়া একটি জিপেও আঘাত হানে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। তদন্তের অংশ হিসেবে উড়োজাহাজটির ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা রেকর্ডার সংগ্রহ করা হচ্ছে।
পূর্বের পোস্ট :