যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাব তিনি পর্যালোচনা করছেন। তবে তেহরান ‘খারাপ আচরণ’ করলে আবারও বিমান হামলা শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তাকে একটি সম্ভাব্য চুক্তির ধারণা সম্পর্কে অবহিত করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কূটনৈতিক তৎপরতা চললেও সংঘাত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প। ৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর আপাতত সংঘর্ষ থেমে রয়েছে।

হামলা আবার শুরু হতে পারে কি না— এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “তারা যদি খারাপ কিছু করে, তাহলে তেমনটি হওয়ার সম্ভাবনা আছে।”

তিনি দাবি করেন, কয়েক মাসের যুদ্ধ ও নৌ-অবরোধে ইরান ‘ধ্বংস’ হয়ে গেছে এবং একটি সমঝোতায় পৌঁছাতে তারা এখন মরিয়া।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “গত ৪৭ বছরে ইরান মানবতা ও বিশ্বের প্রতি যা করেছে, তার জন্য এখনও তারা বড় কোনো মূল্য দেয়নি। তাই তাদের প্রস্তাব গ্রহণযোগ্য হবে কি না, তা কল্পনা করা কঠিন।”

জানা গেছে, ইরানের ১৪ দফা প্রস্তাবে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং জব্দ করা সম্পদ মুক্ত করার আহ্বান রয়েছে। পাশাপাশি শান্তিচুক্তির শর্ত চূড়ান্ত করতে ৩০ দিনের সময় চেয়েছে তেহরান।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করলে পশ্চিম এশিয়াজুড়ে তীব্র সংঘাত ছড়িয়ে পড়ে, যা বৈশ্বিক অর্থনীতিতেও অস্থিরতা তৈরি করে। তিন সপ্তাহের নড়বড়ে যুদ্ধবিরতি চললেও ইরানের হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখা এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকায় উত্তেজনা পুরোপুরি কমেনি। এর মধ্যেই নতুন করে কূটনৈতিক সমাধানের চেষ্টা শুরু হয়েছে।